গ্রামীণ কৃষি ডেস্কঃ বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (১০ আগস্ট, ২০২১) ৩০ দিনে পূর্ণ হবে পবিত্র জিলহজ মাস।
বুধবার হিজরি নববর্ষ তথা মহররম মাস শুরু হবে। এ হিসাবে আগামী ১০ মহররম অর্থাৎ ২০ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
আশারা মানে ১০। তাই ১০ মহররম আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালায় ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী রাসুল (সা.)-এর প্রিয় কন্যা ফাতিমার (রা.) পুত্র ইমাম হুসাইনকে (রা.) হত্যা করে। এ কারণে বিশ্ব-মুসলিম উম্মাহর কাছে দিনটি শোকের।
সে শোকের আশুরায় শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল করে। মহররমের প্রথম দিন থেকেই এর প্রস্তুতি শুরু হয়। তবে করোনার কারণে গত বছর সীমিত পরিসরে তাজিয়া মিছিল হয়েছে। এবারও তেমনই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব ড. নুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
গ্রামীণ কৃষি/শিপন

