শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ৭ দফা দাবি

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ৭ দফা দাবি

গ্রামীণ কৃষি ডেস্কঃ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সরকারের কাছে দফা দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক ৮৭টি সংগঠন। সোমবার (২৫ অক্টোবর,২০২১) কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশ শেষে ঘোষণাপত্র পাঠ করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। ঘোষণা পত্রে ৭ দফা দাবির মধ্যে রয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এর আগের ঘটনাগুলোরও দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনা আর যেন না ঘটে সেজন্য প্রশাসনকে আরও তৎপর হতে হবে। সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং উপাসনালয় দ্রুত সংস্কার করতে হবে। 

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাঙালি জাতীয়তাবাদসহ শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধ ও সহনশীলতার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। আবহমান বাংলার সংস্কৃতি চর্চায় তরুণ ও যুব সমাজকে সম্পৃক্ত করতে যথাযথ উদ্যোগ নিতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন। একই সঙ্গে সম্প্রীতির পবিত্র বাণী প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াও অত্যন্ত জরুরি। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক দর্শন বিনষ্টের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক, মৌলবাদী শক্তি বারবার যে উত্থান ঘটেছে তা রোধ করা না গেলে দেশের গণতান্ত্রিক ও মানবিক ভবিষ্যৎ রক্ষা করা কঠিন হবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সমাবেশের শুরুতে ৭১ সংগঠন থাকলেও পরে আরও ১৬টি সংগঠন এতে সংহতি জানায়।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, প্রজন্ম-৭১- এর সভাপতি আসিফ মুনির তন্ময়, মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, রমনা কালী মন্দিরের সভাপতি উৎপল সাহা, খ্রিস্টান অ্যাসোসিয়েশনে বাংলাদেশের মহাসচিব উইলিয়াম প্রলয় সমাদ্দার, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি রেভারেন্ট মার্টিন অধিকারী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর বড়ুয়া, ধর্মরাজিক বৌদ্ধ বিহারের ভিক্ষু সুনান্দ সুপ্রিয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদ বিভাগের ডিন অরুণ গোস্বামী প্রমুখ।

গ্রামীণ কৃষি/হানিফ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular