শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম রাজনীতিসম্প্রীতি রক্ষায় সতর্ক থাকতে হবেঃ তাজুল ইসলাম

সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকতে হবেঃ তাজুল ইসলাম

গ্রামীণ কৃষি ডেস্কঃ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব জনপ্রতিনিধিকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুমিল্লায় মূর্তির পায়ে কোরআন শরিফ রেখে হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে সৃষ্ট ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশনসহ জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা জাতির দুঃসময়ে, দুর্দিনে, বিপদে-আপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের দেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সেই সম্প্রীতি নষ্ট করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে।

মো. তাজুল ইসলাম বলেন, স্বাধীনতাবিরোধী শত্রুরা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে এবং এখনও করে যাচ্ছে। তাদের আন্দোলনে মানুষের সাড়া পায় না বলেই দেশকে অস্থিতিশীল করতে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ইন্ধনের চেষ্টা করছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর যদি কোনো দুর্বলতা থাকে, তা হলে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular