শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগররাজধানীর মিরপুরের কালশী স্যুয়ারেজের খালে খোঁজের ছয় ঘণ্টা পর উদ্ধার

রাজধানীর মিরপুরের কালশী স্যুয়ারেজের খালে খোঁজের ছয় ঘণ্টা পর উদ্ধার

নগর প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২ তলা গার্মেন্টস সংলগ্ন স্যুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজের ছয় ঘণ্টা পর তার খোঁজ মিলেছে। ওই ব্যক্তির নাম শামসুল হক মানিক (৪৫)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি খালে পড়ে যান এবং বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তার খোঁজ মেলে। এ ঘটনায় মানিককে মিরপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের বাবুনগর গ্রামে। তিনি মিরপুরের পল্লবী এলাকায় চায়ের দোকান করেন এবং সেকশন-১২-এর সুজাতনগর এলাকার ইলিয়াস মোল্লার বস্তিতে পরিবার নিয়ে বসবাস করেন। মানিকের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকদিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তার স্ত্রী মুন্নি বেগম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ওই ব্যক্তি অসাবধানতাবশত খালে পড়ে যান। ওই ব্যক্তি পড়ে গিয়ে সাঁতার কাটতে থাকেন। কিন্তু ভেসে যান। এ দৃশ্য সেই এলাকার কেউ একজন দেখে ফেলে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর ডুবুরি দল ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে খালের কোথাও তাকে খুঁজে পায়নি। পরে খবর আসে ওই ব্যক্তি দুই কিলোমিটার দূরে খালের পাড়ে শুয়ে আছেন। এরপর পুলিশ গিয়ে বেলা ৩টার দিকে তাকে উদ্ধারের পর একটি হাসপাতালে ভর্তি করে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ওই ব্যক্তি খালে পড়ে যাওয়ার পর ভেসে যান। এরপর সাঁতরিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে পাড়ে উঠতে সক্ষম হন। তবে ততক্ষণে তিনি ক্লান্ত হয়ে পড়লে সেখানেই শুয়ে ছিলেন। তাকে দেখার পর ওই এলাকার স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। এরপর আমরা গিয়ে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেছি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular