মানিকছড়ি, খাগড়াছড়িঃ ২৩-২৯ এপ্রিল-২০২২ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনে জেলার মানিকছড়ি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ কর্মসূচীর উদ্বোধন ও পুষ্টি কমিটির সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সপ্তাহ উদযাপন কার্যক্রমের উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
জাতীয় পুষ্টি সপ্তাহের তাৎপর্য ও করণীয় তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রতন খীসা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, উপজেলা দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস, আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাশার প্রমূখ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য পরিদর্শক ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধক মো.জয়নাল আবেদীন বলেন, পুষ্টির বিষয়ে গ্রামাঞ্চল এখনো অনেক পিছিয়ে। এখানকার মা ও কিশোর-কিশোরীর বেশির ভাগই পুষ্টি সম্পর্কে অজ্ঞ। স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবীরা জনসচেতনতার বিষয়টি গুরুত্ব দিলে জনসচেতনতা বাড়বে।
উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, শিশু জন্মের প্রথম ১০০০ দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাল। এ সময়ে শিশু যত্নে বিঘ্ন ঘটলে আজীবন সে রোগ শোক ও পুষ্টিহীনতায় ভুগবে। তাই পুষ্টি সপ্তাহের গুরু দায়িত্ব পালনে এবং জনসচেতনতায় সবাইকে আন্তরিক হতে হবে।
