বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকউচ্ছেদের মুখে যুক্তরাষ্ট্রের ৩৬ লাখ ভাড়াটিয়া

উচ্ছেদের মুখে যুক্তরাষ্ট্রের ৩৬ লাখ ভাড়াটিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রজুড়ে ৩৬ লাখেরও বেশি মানুষ উচ্ছেদের মুখে রয়েছেন। করোনা মহামারিতে দেশটির অর্থনীতি ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় ভাড়াটে উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। ওই স্থগিতাদেশের মেয়াদ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৩১ জুলাই) মধ্যরাতে শেষ হয়েছে। ফলে উচ্ছেদের ঝুঁকিতে পড়েছেন লাখ লাখ মানুষ।

করোনা মহামারিতে গত বছরের মার্চ থেকে ভাড়াটিয়া উচ্ছেদের সব প্রক্রিয়া বন্ধ রয়েছে। ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়ার নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ভাড়াটে উচ্ছেদের ওপর যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নিষেধাজ্ঞা ইতোমধ্যে শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়া না হলে আগস্টেই বাড়ি ছাড়তে হবে তাদের।

নির্দিষ্ট আইনি প্রস্তাব ছাড়া ভাড়া পরিশোধ করতে না পারা লোকজনকে উচ্ছেদের মেয়াদ আর বর্ধিত না করার কথা জানান মার্কিন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘সুপ্রিম কোর্টের এমন নির্দেশনার পর উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা বর্ধিতের সুযোগ নেই।’ ফলে কংগ্রেসকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্লেষকদের মতে, এটি জো বাইডেন প্রশাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

স্থগিতাদেশ আগামী মধ্য অক্টোবর পর্যন্ত বাড়ানোর দাবিতে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রগতিশীল সদস্য কোরি বুশ, আয়ানা প্রেসলি এবং ইলহান ওমর শুক্র থেকে শনিবার ক্যাপিটলের বাইরে অবস্থান করেন। নিজের টুইটার হ্যান্ডেলে কোরি বুশ লিখেন, ‘আমরা সিনেট এবং হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করছি। সুতরাং মানুষকে অবশ্যই তাদের বাড়িতে রাখা উচিত।’ এ বিষয়ে ভোটাভুটির আয়োজন করতে মার্কিন নিম্মকক্ষ প্রতিনিধি পরিষধের স্পীকার ন্যান্সি পেলোসিকে আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে সেনেটের ডেমোক্র্যাট শীর্ষ নেতা চাক শুমারের প্রতিও আহ্বান জানান। ইলহান ওমর টুইট বার্তা লিখেছেন, ‘অনেক মানুষ গৃহহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন। আমরা তাদের পাশে আছি।’

ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ের পাঁচ তারিখ পর্যন্ত ৩৬ লাখ লোকজনের ঘরভাড়া বাকি পড়ে আছে। তাঁদের উচ্ছেদ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই হিসাবে তালিকাভুক্ত ভাড়াটেদের শুধু ধরা হয়েছে। এর বাইরে অগুনতি খুচরা ভাড়াটের হিসাব নথিতে নেই। উচ্ছেদ আইনত বন্ধ থাকায় বাড়ির মালিকেরা ভাড়া না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পাননি।

২০২০ সালের মার্চের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। সে সময় যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন লকডাউন চলে। মানুষ কর্মহীন হয়ে পড়েন। মানুষের পক্ষে বাসাভাড়া দেওয়াও কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে তিন মাসের জন্য ভাড়া না দেওয়ার জন্য কোনো ভাড়াটেকে উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে এই নিষেধাজ্ঞার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।

আবাসন নিয়ে নাগরিক আন্দোলন করে এমন সংগঠন ও ব্যক্তিবিশেষের পক্ষ থেকে ভাড়াটে উচ্ছেদের মেয়াদ আবারও বাড়ানোর দাবি জানানো হয়েছে। তারা বলছেন, যুক্তরাষ্ট্রজুড়ে এখনো মহামারি বিরাজ করছে। নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে লোকজনের মধ্যে এখনো ভীতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িভাড়ার কারণে ভাড়াটেদের উচ্ছেদ না করার দাবি জানানো হচ্ছে।

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশন সংগঠনের নির্বাহী পরিচালক ড্যানিয়েল ওয়াইন্টেল বলেছেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের এ সময়ে বাইডেন প্রশাসনের ভাড়াটেদের পাশে দাঁড়ানো উচিত।’ সুপ্রিম কোর্টের ঢালাও নির্দেশনাকে বিবেচনায় রেখেই ভাড়াটেদের উচ্ছেদের হাত থেকে রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।

গ্রামীণ কৃষি/আ  

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular