আন্তর্জাতিক ডেস্কঃ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার চিকিৎসকরা জানিয়েছেন, ‘কোভিড-১৯ নয়, এমন সংক্রমণ’ থেকে সেরে ওঠার পথে রয়েছেন তিনি।
ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সেরে ওঠার পথে রয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরিনার বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, ৭৫ বছর বয়সি ক্লিনটনকে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আরভাইনের ইউসিআই মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ‘তিনি সেরে উঠছেন, ভালো আছেন। তার যত্ন নেওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি তিনি ব্যাপক কৃতজ্ঞ,’ বলেছেন উরিনা।
ক্লিনটনের চিকিৎসকদের উদ্ধৃত করে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ক্লান্তি অনুভব করায় সাবেক প্রেসিডেন্ট হাসপাতালে গেলে সেখানে তার সেপসিস (রক্তে এক ধরনের সংক্রমণ) ধরা পড়ে, যা মূত্রনালির সংক্রমণ থেকে হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। এক বিবৃতিতে ক্লিনটনের চিকিৎসক আলপেশ আমিন ও লিসা বারডাক বলেছেন, ‘তাকে (ক্লিনটন) নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, তরল খাবার ও আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।’
‘তিনি এখনও হাসপাতালে আছেন, দুই দিনের চিকিৎসার পর তার রক্তে শে^তকণিকার পরিমাণ নিম্নমুখী দেখা যাচ্ছে, অ্যান্টিবায়োটিকেও তিনি ভালো সাড়া দিচ্ছেন। আশা করছি তিনি দ্রুতই বাড়ি ফিরতে পারবেন,’ বৃহস্পতিবারের বিবৃতিতে বলেছেন আলপেশ আমিন ও লিসা বারডাক।
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ক্লিনটন হার্টের সমস্যা নিয়ে এর আগেও কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মূলত গোপনীয়তা রক্ষায় এবার তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়, তবে তাকে শ্বাস নেওয়ার যন্ত্র ব্যবহার করতে হয়নি বলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরভাইন মেডিকেল সেন্টারে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা জর্জ সিনিয়র বুশকে হারিয়ে ১৯৯৩ সালে চমক দেখান আরকানসোর সাবেক গভর্নর ক্লিনটন। এ ডেমোক্র্যাট ১৯৯৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান বব ডোলকে হারিয়ে আরও ৪ বছরের জন্য হোয়াইট হাউসের দখল ধরে রাখেন। হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কর্মরত মনিকা লিওনস্কির সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে ১৯৯৮ সালে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ক্লিনটনকে অভিশংসিত করেছিল। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত তখনকার সিনেট পরে ক্লিনটনকে খালাস দিলেও এ ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতির দ্বিধাবিভক্তি আরও স্পষ্ট করে তোলে

