গ্রামীণ কৃষি ডেস্কঃ দেশের সব বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি হিসেবে রুপার পদক দেওয়ার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বরসম্বলিত একটি করে রুপার তৈরি পদক প্রদানের এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
বৈঠকে সংসদীয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বেশি বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশও করা হয়। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, কল্যাণ ট্রাস্টের অনেক সম্পত্তি পড়ে রয়েছে। আমরা এগুলো বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছি। ওই সম্পত্তি যাতে বেশি দামে বিক্রি করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সামারি পাঠিয়ে বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছি। আর শহরের প্রাণকেন্দ্রে যে জমিগুলো রয়েছে সেগুলো বড় কোনো ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা যায় কি না সেটা দেখতে বলেছি। এ ছাড়া স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরের অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে চট্টগ্রামে কল্যাণ ট্রাস্টের সম্পত্তি সরেজমিন পরিদর্শন ও কমিটি বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের শেষদিকে সেখানে পরিদর্শনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ ও মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।
