‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এ পরিচালকের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে (৭ মার্চ) তেঁজগাও শিল্পাঞ্চল থানায় এই জিডি করেছেন অভিনেত্রী। যার নম্বর ৩৭৮।
জিডিতে বলা হয়েছে, (৭ মার্চ) সন্ধ্যায় একটি ভিডিও তৈরি করে মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। যেখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। বিষয়টি আমি আমার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছি।
অরুণা বিশ্বাস আরও উল্লেখ করেন, ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।
এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী।
জিডি প্রসঙ্গে কথা বলতে মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আপনার কাছেই খবরটা শুনলাম। যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি তাই আমি এ নিয়ে এখন কিছু বলতে চাইছি না।’
এ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘উনি একটি ভিডিওতে আমাকে ব্যক্তিগত গালিগালাজ করেছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন। কুরুচিপূর্ণ কথা বলেছেন। ইঙ্গিত করেছেন। উনি প্রশ্ন তুলেছেন আমার কী যোগ্যতা? আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, কোন যোগ্যতায় বিচারকের আসনে বসি।’
এই অভিনেত্রী বলেন, ‘তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলেছেন। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।’
এই নায়িকা আরও যোগ করেন, ‘উনি আমাকে নিয়ে কনটেন্ট তৈরি করবে, আমার সামাজিক ভাবমূর্তি নষ্ট করে পয়সা কামাবে, তা হতে পারে না।’
এদিকে সেই ভিডিওটি ইউটিউব থেকে মালেক আফসারী সরিয়ে ফেলেছেন বলে জানা গেছে। এখন আর সেটি দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, মালেক আফসারী নব্বইয়ের দশকের জনপ্রিয় পরিচালক। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমুখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
