মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম স্বাস্থ্যব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে হলে মাস্ক পরার কোনো বিকল্প নেইঃ বিএসএমএমইউ ভিসি

ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে হলে মাস্ক পরার কোনো বিকল্প নেইঃ বিএসএমএমইউ ভিসি

গ্রামীণ কৃষি ডেস্কঃ  ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে হলে মাস্ক পরার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, এই ফাঙ্গাসের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউনিট গঠন করা হয়েছে। ভয়ের কোনো কারণ নেই।
রোববার (৬ জুন, ২০২১) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’ আয়োজিত ‘স্বাস্থ্য বিষয়ক পরামর্শক মনোনয়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি মধুসূদন মন্ডল এবং হলি ফ্যামিলি এন্ড রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক ডা. সালেহ আহমেদসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত এ পরামর্শক দল ক্র্যাব সদস্য এবং তাদের পরিবারের স্বাস্থ্য বিষয়ক যে কোন প্রয়োজনে পাশে থাকবে।
চিকিৎসক ও সাংবাদিক পরস্পর সহযোগী উল্লেখ করে তিনি স্বাস্থ্যখাত নিয়ে তথ্যবহুল সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক। করোনার মতোই এ ফাঙ্গাসের জীবানু বাতাসে ভেসে বেড়ায়। করোনা ও ব্ল্যাক ফাঙ্গাস থেকে রক্ষা পেতে মাস্ক পরুন। ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার অপরিহার্য।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় ২০২৪ সাল পর্যন্ত মাস্ক ব্যবহার করতেই হবে। গণসমাধি বন্ধ করতে চাইলে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব আরো একশ বছর আগে থেকেই চলছে। তবে বর্তমান সময়ে এর বিস্তার বাড়ছে। করোনায় রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই এর অন্যতম কারন।
বাসস’র সিটি এডিটর ও পরিচালক মধুসূদন মন্ডল বলেন, ‘চলমান দুর্যোগে সাংবাদিক ও চিকিৎসক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আমরা একে অপরের সহযোগী হয়ে দেশকে এগিয়ে নিতে চাই।’
ডা. রোকেয়া সুলতানা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে হলে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পুষ্টিকর এবং ভিটামিন জাতীয় খাবার খেতে হবে।
সভাপতির বক্তব্যে মিজান মালিক বলেন, ক্র্যাবের সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করেন। ক্র্যাব সদস্য ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সেবায় পাশে থাকার প্রত্যয় নিয়ে স্বাস্থ্য পরামর্শক প্যানেল গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যরা প্যানেলের চিকিৎসকদের কাছ থেকে টেলি-মেডিসিন সেবাসহ প্রয়োজনীয় সেবা পাবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular