নগর প্রতিনিধিঃ পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা চেষ্টা করছি খুব সহসা বিটিআরসিকে তালিকা পাঠাবো। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কয়েকদিন আগে সরকারি সংবাদ সংস্থা বাসসসহ বেশ কিছু অনলাইন কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছিল কেন এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা আসলে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে দেখা গেছে নিবন্ধিত এমনকি সরকারি ওয়েবপোর্টালও বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেটি খুব দ্রুত নিরসন হয়েছে। আমরা বিটিআরসিকে যে তালিকা পাঠাবো যে সমস্ত অনলাইন পোর্টাল বন্ধ করতে হবে।
তিনি বলেন, অনলাইন পোর্টাল অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। যে সব অনলাইন পোর্টাল আসলে গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে।
হাছান মাহমুদ বলেন, আদালতকে আমরা জানাবো, বিটিআরসিও জানাবে যে অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। সবকিছু হুট করে বন্ধ করলে, আমার বিবেচনায় সবগুলো একসঙ্গে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না। সেই বিষয়টা আদালতকে অবহিত করবো। আমরা পর্যায়ক্রমে অননুমোদিতগুলো বন্ধ করবো।
গ্রামীণ কৃষি/হানিফ
