প্রায় আট বছর পর নাটকের অভিনয়ে ফিরলেন শাহরিয়ার নাজিম জয়। ‘গার্লস স্কোয়াড’ নামে একটি ধারাবাহিকের দ্বিতীয় সিজনে দেখা যাবে তাঁকে। গত শনিবারে পুবাইলের লোকেশনে শুটিং শুরু হয়েছে। জয় এখন উপস্থাপনায় বেশি সময় দিচ্ছেন । উপস্থাপক হিসেবে বেশ আলোচনায়ও এসেছেন তিনি।
জয় বলেন, ‘এর মধ্যে একটি ওয়েব সিরিজে কাজ করলেও সাত-আট বছর নাটকে অভিনয় করা হয়নি। এই সময়ে উপস্থাপনার কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। এখন মনে হলো নাটক করা উচিত। কারণ, এটি আমার আদি প্ল্যাটফর্ম। এই মাধ্যমের প্রতি মায়াও আছে। কারণ, আমি অভিনয় করেই দর্শকের কাছে পরিচিত পেয়েছি।’
জয় আরও বলেন, ‘অনেক দিন থেকে দর্শক আমাকে উপস্থাপনায় দেখছেন। এখন অভিনয়টা করতে চাইছি। এখনকার প্রজন্মের অনেকে আমাকে নাটকে দেখেননি। দেখি, দর্শক আমাকে নেন কি না। বলা যায় অনেক দিন পর পরীক্ষামূলক কাজ করছি।’
তবে নাটকে অভিনয় শুরু করলেও খুব বেশি সময় হয়তো দিতে পারবেন না নাটকে। বলেন, ‘দর্শক যদি ভালোভাবে নেন, তাহলে কিছু কিছু কাজ করব। তা না হলে হয়তো আর করা হবে না।’
নাটকটিতে সুলতান রিজভী চরিত্রে অভিনয় করছেন জয়। একজন প্রতারক। ধনী সেজে প্রতারণা করে বেড়ান।
কাজটি কেমন হচ্ছে জানতে চাইলে জয় বলেন, ‘দুই দিন ধরে কাজ করছি। অনেক উৎসুক মানুষ শুটিং দেখছেন। প্রতিটি দৃশ্যই মজা পাচ্ছেন তাঁরা। দৃশ্য শেষে বেশ হাততালি পাচ্ছি তাঁদের। মনে হচ্ছে খারাপ করছি না।’
নাটকটির পরিচালক মাইদুল রাকিব বলেন, ‘আগে যখন জয় ভাই নাটক করতেন, তখনকার দর্শকের সঙ্গে এখন অনেক নতুন দর্শক তৈরি হয়েছে। রুচির পরিবর্তন হয়েছে তাঁদের। তবে আমার কাছে মনে হচ্ছে, চরিত্রটির মূল ভাবটি তিনি ভালোই ধরতে পেরেছেন। সেভাবেই ডেলিভারি দিচ্ছেন তিনি। তাঁর প্রতিটি দৃশ্যই ইউনিটের সবাই মজা পাচ্ছেন।’
‘গার্লস স্কোয়াড’ নাটকটির ২০ পর্ব করে একটি সিজন। এই মধ্যে প্রথম সিজন প্রচার শেষ হয়েছে। আগামী পবিত্র ঈদুল ফিতরের আগে আগে দ্বিতীয় সিজন ইউটিউবে প্রচার শুরু হবে।
নাটকটির গল্প ভাবনা সঞ্জয় সমাদ্দার, চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে মাইদুল রাকিব ও সিফাত হোসেন। এতে আরও অভিনয় করছেন সেমন্তী সৌমি, সামিরা খান মাহী, তানিয়া বৃষ্টি, মিমি, চমক, স্বর্ণলতা প্রমুখ।
