ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের স্বার্থকে সর্বদা সমুন্নত রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী সৌদি আরবের জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের শুভেচ্ছাস্বরূপ হজ উপকরণ বিতরণ করেন।
হজযাত্রীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা সৌদি আরবের পবিত্র ভূমিতে গিয়ে নিজেদের পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যাতে বন্ধ হয় এবং বিশ্বজুড়ে শান্তি ফিরে আসে, সেই প্রার্থনা করবেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সম্প্রীতির, বৈষম্যহীন এবং উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা সফল করতে হজযাত্রীদের বিশেষ মোনাজাতের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন ৪১৯ জন হজযাত্রীর মাঝে আতর, তসবিসহ হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দেশের জনগণের স্বস্তি, শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া চেয়ে বলেন, ‘আল্লাহ যেন দুনিয়াবি সকল মুসিবত থেকে বাংলাদেশ ও বাংলাদেশিদের রক্ষা করেন এবং প্রতিটি হজযাত্রী যেন সু-স্বাস্থ্য নিয়ে নিরাপদে হজ পালন শেষ করে দেশে ফিরতে পারেন।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিমান ব্যবস্থাপক আল মামুন, বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে ৫ হাজার ৬৭৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।
