আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামি ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন কৌশলে প্রার্থীরা শুরু করেছে জম্পেশ প্রচারণা। এসব প্রচারণায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।
জানা গেছে, তানোরের কলমা ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন। তবে এখানে প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া ফেলে সাধারণ ভোটারদের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রবীণ নেতা খাদেমুন নবী বাবু চৌধুরী। কিন্ত্ত আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাইনুল ইসলাম স্বপন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ও সাধারণ ভোটারদের মাঝে তেমন কোনো সাড়া ফেলতে প্রায় ব্যর্থ হয়েছে। এছাড়াও তাকে নিয়ে ইউপি আওয়ামী লীগে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
কাঁমারগা ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ।এখানে তার বিপক্ষে শক্ত তেমন কোনো প্রার্থী না থাকায় তিনি বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে নৌকার পক্ষে মাঠে নামাতে সক্ষম হয়েছেন। ফলে ইতমধ্যে প্রচার-প্রচারণায় অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন,এই অবস্থান ধরে রাখতে পারলে তার বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
বাঁধাইড় ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান।এখানেও তার বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী প্রার্থী নাই। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকুন্ঠ সমর্থনে প্রচার-প্রচারণায় তিনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে নির্বাচনী মাঠ নিজের নিয়ন্ত্রণে রেখে প্রচারণা করে চলেছেন।
সরনজাই ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মালেক। তবে দলীয়কোন্দল ও মতবিরোধের কারণে তিনি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেও ব্যর্থ হয়েছেন। এতে তার বিপক্ষে ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খঁন প্রচার-প্রচারণায় এগিয়ে থেকে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
তালন্দ ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চেয়ারম্যান আবুল কাশেম। এখানে তার শক্ত প্রতিপক্ষ জামায়াতের আক্কাশ আলী। তবে প্রচার-প্রচারণায় আবুল কাশেম এগিয়ে রয়েছেন।
পাঁচন্দর ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন। এখানে তার বিপক্ষে তেমন কোনো শক্ত প্রার্থী নাই। এছাড়াও ইউপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করায় প্রচার-প্রচারণায় তিনি অন্যদের থেকে এগিয়ে রয়েছেন।
চাঁন্দুড়িয়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান। এখানে তার বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রার্থী না থাকায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষে মাঠে নামায় তিনিও প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন।
জানা গেছে, এখন পর্যন্ত তানোরে নৌকার মনোনীত প্রার্থীদের গণসংযোগ ও উঠান বৈঠক শুরু হয়েছে। এতে তারা ভোটারদের কাছে থেকে আশাব্যঞ্জক সাড়াও পাচ্ছেন। তবে অধিকাংশক্ষেত্রে এখানো বিএনপি-জামায়াত বা স্বতন্ত্র প্রার্থীদের দৃশ্যমান তেমন কোনো তৎপরতা নেই।

