গ্রামীণ কৃষি ডেস্কঃ ‘শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দান কার্যক্রম চলমান রয়েছে।
কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে মঙ্গলবার (২৪ আগস্ট, ২০২১) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।
কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, মোঃ আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিন সভায় অংশগ্রহণ করেন।
সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১” আরো পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন সাপেক্ষে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিম্নমাধ্যমিক,মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রবিধানমালা-২০২১ (২০০৯ এর সংশোধন/ সংযোজন/প্রতিস্থাপন) সম্পর্কিত ১নং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপনের পর বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজনীয় সংশোধনক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট, ১৯৭৫ সালে নিহত এবং ২১ আগস্ট, ২০০৪ সালে নিহত শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিববৃন্দ বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের প্রতিনিধি, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রামীণ কৃষি/খোদেজা

