গ্রামীণ কৃষি ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্প্রতি দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কতিপয় ব্যক্তি-গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আবার অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোন মাধ্যমে গুজব, বিভ্রান্তি না ছড়াতে এবং অযাচাইকৃত সংবাদ বিশ্বাস না করতে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।
গ্রামীণ কৃষি/আ

