আন্তর্জাতিক ডেস্কঃ করোনার অ্যান্টিভাইরাল ক্যাপসুল ‘মলনুপিরাভির’ নিয়ে এসেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। অনুমোদন পেলে এটিই হবে করোনার চিকিৎসায় অনুমোদিত প্রথম খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।
রোববার (১৭ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওষুধটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করেছে কোম্পানিটি।
জানা গেছে , এ ক্যাপসুলটি মহামারির সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ক্যাপসুলটি খেলে রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়বে না। গুরুতর অসুস্থ হওয়ার আগেই ওষুধ খাওয়া শুরু করতে পারবেন তারা। এ ক্ষেত্রে কারো করোনা শনাক্ত হলে তাকে বাড়িতেই মলনুপিরাভিরের কোর্স শুরু করতে হবে। এ কোর্সে মোট ৪০টি ক্যাপসুল থাকবে। তবে, টিকার বিকল্প নয় এ ওষুধ।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের মেডিসিনের সহযোগী অধ্যাপক সঞ্জয় সেনানায়েকে জানান, টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে মলনুপিরাভির এভাবে কাজ করে না। এটি ভাইরাসের প্রতিরূপকে ব্যাহত করে। এক অর্থে, এটি ভাইরাসের অপুষ্ট শিশুর জন্ম দেয়।
