শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাসাইনবোর্ড নিয়ে চাঞ্চল্য !

সাইনবোর্ড নিয়ে চাঞ্চল্য !

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্ত সংলগ্ন মান্দার ভারশোঁ ইউপির চৌবাড়িয়াহাট ব্রীজ মোড়ে রাতারাতি নিজেকে আল্লাহর বন্ধু দাবি করে সাইনবোর্ড স্থাপন করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এদিকে এই সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি দ্রুত সাইনবোর্ড অপসারণসহ ওই ভন্ড পীরের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া হাটসংলগ্ন ব্রীজের পূর্ব পার্শ্বের বটগাছে সাইনবোর্ডটি স্থাপন করে ওই মোড়ের নাম দেয়া হয়েছে আল্লাহর বন্ধু বাদশাহ ভাইয়ের মোড়। সাইনবোর্ডের প্রথম লাইনে লেখা রয়েছে আল্লাহ ভরসা দ্বিতীয় লাইনে লেখা রয়েছে সত্য সুভাষা আল্লাহর আমল তৃতীয় লাইনে লেখা রয়েছে বাদশাহ ভাইয়ের মোড় চতুর্থ লাইনে লেখা রয়েছে বাদশাহ ভাই আল্লাহর বন্ধু পঞ্চম লাইনে লেখা রয়েছে মান্দা নওগাঁ। মোবাইল নম্বরটি অস্পষ্ট। এছাড়াও সাইনবোর্ডের উপরের লাইনে একপাশে রয়েছে আল্লাহর বন্ধু দাবিকারী বাঁকাপুর গ্রামের মৃত খিদির বক্সের ছেলে আব্দুল ওহাব ওরফে বাদশাহ’র ছবি এবং অপরপাশে একটি বটগাছের ছবি রয়েছে ।

জানা গেছে, বাদশা পেশায় একজন চা বিক্রেতা। এর আগে তিনি সাইকেলের মেকার ছিলেন। সাইকেল ঠিক করার পাশাপাশি ফাস্টফুড আইটেমের খাবার চানাচুর-বিস্কুটসহ অন্যান্য সামগ্রী বিক্রি করতেন। গত প্রায় ৩০ বছর যাবৎ এসব করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, তিনি শান্ত প্রকৃতির লোক হলেও বেশকিছুদিন থেকে মাদক (গাঁজা) সেবনে আশক্ত হয়ে পড়েন। আর সেকারণে বাড়িঘর ছেড়ে রাতদিন ২৪ ঘন্টা ওই দোকানে অবস্থান করায় চা বিক্রয়ের আড়ালে মাদক সেবন এবং সরবরাহ কাজে লিপ্ত থাকার অপরাধে তার দোকানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার মাদকবিরোধী অভিযান পারিচালনা করে। কিন্তু মাদক সেবনের কারণে বর্তমানে তার হিতাহিত জ্ঞান না থাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন লেখা সম্বলিত সাইনবোর্ডটি তিনি লাগিয়েছেন। তার এমন ন্যাক্কারজনক কর্মকান্ডে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে চৌবাড়িয়া এলাকার অনেকে জানান যে, কোন সুস্থ মানুষ এমনটি করতে পারে না। তিনি একজন মাদকসেবী এবং সরবরাহকারী। নিজের দোষ ঢাকতে নিজেকে আল্লাহর বন্ধু দাবি করে সাইনবোর্ড লাগিয়েছেন। যা অত্যান্ত ন্যাক্কারজনক।

এ ব্যাপারে ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, তার এমন কর্মকান্ডে আমরা চরম বিব্রত। তাকে একাধিকবার বলার পরেও তিনি কোন কর্ণপাত করেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন লেখা সম্বলিত সাইনবোর্ডটি লাগিয়ে তিনি চরম অন্যায় করেছেন।

এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি তিনি অবগত নয়। তবে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, যদি এমনটি হয়ে থাকে তবে,বিষয়টি খুবই দুঃখজনক। সাইনবোর্ডটি অপসারণে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular