আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্ত সংলগ্ন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরপর দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভারশোঁ ইউপির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ ও দৃশ্যমান উন্নয়নমূলক কাজ শুরু করায় নাগরিক সেবার মান বেড়েছে।
ইতমধ্যে স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী মুহাম্মদ এমাজ উদ্দিন প্রামানিকের সার্বিক সহায়তা ও দিকনির্দেশনায় ভারশোঁ ইউপির বিভিন্ন এলাকায় অনেক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক কাজ দ্রুত গতিয়ে এগিয়ে চলেছে। ফলে নাগরিকগণ দীর্ঘদিন পর ইউপি ভবন থেকে তাদের কাঙ্খিত সেবা পেতে শুরু করেছে। এদিকে ইউপির বিভিন্ন প্রত্যন্ত পল্লী এলাকায় সাবমার্শিবুল পাম্প স্থাপন, প্রটেকশান ওয়াল ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এসব এলাকার নাগরিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
ইউপি সৃষ্টির পর থেকে যতটুকু উন্নয়ন হয়নি ইউপি চেয়ারম্যান সুমন তার ৫ বছর সময়ে সেই উন্নয়ন কাজ ছাড়িয়ে গেছে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে সুমন দ্বিতীয়বার চেয়ারম্যানের শপথ গ্রহণ করে ইউপির উন্নয়নে মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। এদিকে ইউপি চেয়ারম্যান সুমনের ৫ বছর সময়ে একবার জেলা ও তিনবার উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের মর্যাদা অর্জন করেছে ভারশোঁ ইউপি। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপিবাসী আবারো তাকে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
ভারশোঁ ইউপির ইতিহাসে সুমন একমাত্র চেয়ারম্যান যিনি পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জানা গেছে, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ইউপির সর্বস্থরের নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও তাদের সহযোগীতায় এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা ঘোষণা দিয়ে বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচি গ্রহণ করেছেন। সূত্র জানায়, টিআর-কাবিখা-কাবিটা, কর্মসুজন কর্মসূচি, এলজিএসপি ও ডাসকোর সহায়তায় এলাকায় মজা পুকুর পুনঃখনন, সাবমার্শিবুল পাম্প স্থাপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ-নিচু বেঞ্চ, টিফিনবক্স, বৈদ্যুতিক পাখা, খেলা-ধূলার সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করেছেন।
এছাড়াও বিভিন্ন এলাকায় পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণ ও এইচবিবি রাস্তা নির্মাণ, ড্রেন-কালভ্রাট নির্মাণ, পাকা পুকুর ঘাট এবং নতুন মাটির রাস্তা নির্মাণসহ দৃশ্যমান বহু উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। ওদিকে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউপির সাধারণ মানুষ নূন্যতম খরচে আধূনিক সেবা পাচ্ছেন।
অপরদিকে ইউপির বিভিন্ন এলাকায় রাস্তা আলোকরণ কাজ শুরু করেছেন যা চলমান রয়েছে। ইউপির বিভিন্ন এলাকায় জনবহুল মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন স্ট্রিষ্ট ল্যাম্প পোস্ট (সৌরবিদ্যুৎ) স্থাপন করা হচ্ছে। এসব ল্যাম্প পোস্ট স্থাপন সম্পন্ন হলে প্রত্যন্ত পল্লীর জনসাধারণগণ শহরের সুবিধা ভোগ করবেন। এছাড়াও মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি প্রায় দ্বিগুন করা হয়েছে। এসব কর্মকান্ড সফল ভাবে সম্পন্ন করা হলে ভারশোঁ ইউপি মডেল ইউপিতে রুপান্তরিত হবে।
এ ব্যাপারে ভারশোঁ ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী জননেতা মুহাম্মদ এমাজ উদ্দিন প্রামানিক মহোদয়ের সার্বিক সহযোগীতায় ভারশোঁ ইউনিয়ন পরিষদকে (ইউপি) দেশের মধ্যে মডেল ইউপিতে রুপান্তর করা হবে ইনশাল্লাহ্। এসব উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি দিনেও তিনি সকলকে নৌকা প্রতিকের সঙ্গে সম্পৃক্ত থেকে যেকোনো নির্বাচনে আবারো নৌকার নিরঙ্কুশ বিজয় ঘটাতে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।
