নওগাঁঃবাঙালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে (ইউপি) মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় ধাপে জমির মালিকানাসহ মাথা গোঁজার নতুন ঠিকানা পাচ্ছেন আরো অনেক ভুমি ও গৃহহীন পরিবার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-৩ এর আওতায় গৃহহীনদের এসব বসতবাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের তদারকিতে ঘরগুলোর নির্মাণ কাজ চলছে।
সম্প্রতি ইউপির বিভিন্ন এলাকায় ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। ইতমধ্যে জেলা প্রশাসক (ডিসি) উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের মাণ ও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের এক নম্বর খাস খতিয়ানভূক্ত সম্পত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত ডিজাইন অনুসরণ করে এসব সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করছে উপজেলা প্রশাসন। তৃতীয় ধাপে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ সব বসতবাড়িতে থাকছে দুইটি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা। প্রত্যেক পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা আলাদা বাড়ি।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, তৃতীয় ধাপের ঘরগুলোর নকশার কিছু পরিবর্তন হয়েছে, এবং নতুন ডিজাইন অনুসরণ করে যথাযথভাবে ঘরগুলো নির্মাণ কাজ চলছে, নির্মাণ কাজ সার্বক্ষণিক তদারকি করছে উপজেলা পরিষদ ও প্রশাসন।
জানা গেছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য স্থানীয় ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে। আর এই প্রকল্পের অধীনে ভূমিহীন-গৃহহীন বিধাব, অসহায়, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে এই ঘরগুলো দেওয়া হবে।
নির্মাণ কাজ শেষ হলেই সরকারি নির্দেশনা অনুযায়ী অতিদ্রুত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর, জমি কবুলিয়াত করে দেয়া সহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হবে।
গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন

