সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ বাড়ির আশে-পাশে, রাস্তার ধারে, বন-জঙ্গলে কিংবা ফসলের ক্ষেতে পার্থেনিয়াম সাধারনত জন্ম ও বিস্তার লাভ করে। ১-১.৫ মিটার পর্যন্ত এই বিষাক্ত উদ্ভিদটি উচ্চতায় হয়ে থাকে। পার্থেনিয়াম দেখতে হাইব্রিড ধান গাছের মতো । শাখা বিস্তারের মাধ্যমে এর আকৃতি গম্বুজ আকৃতির অথবা ঝোপ আকারের হয়ে থাকে। পার্থেনিয়ামের পাতা সাধারণত গাজরের পাতার ন্যায় শাখা যুক্ত ত্রিভুজের মতো তারকা আকৃতির বিন্যাস্ত থাকে। এই উদ্ভিদে নিদিষ্ট বয়সে ফুল ফোটে। এর ফুল সাধারণত ফুলকপির মত গোলাকার, সাদা, আঠালো এবং পিচ্ছিল হয়ে থাকে । পার্থেনিয়ামের ইংরেজি রূপ হলোঃ Perthenium এবং এর বৈজ্ঞানিক নাম হলোঃ Parthenium Hysterophorus. পার্থেনিয়াম ছোট উদ্ভিদ হলেও প্রাণী জগৎ ও মানব জীবনে পার্থেনিয়ামের রয়েছে নানান ক্ষতিকর প্রভাব। এর আগাছায় Sesquiterpene Lactones নামক টক্সিন বা বিষ থাকে,যা গঠিত হয় Caffeic acid, Vanillic acid, Ansic acid, P-anisic acid, Chlorogenic acid, এবং Parahydroxy benzoic acid দ্বারা। এই উদ্ভিদের বিষ মানুষ সহ অন্যান্য জীবের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও আগাছা এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা অন্যান্য ফসলের বৃদ্ধি হ্রাস করে। পার্থেনিয়াম গাছের সমস্ত অংশটাই ক্ষতিকারক। গোঁড়া থেকে আগা এর পরাগ, ডালপালা সবই মারাত্মক ক্ষতিকর। উদ্ভিদ জগতের পাশাপাশি পার্থেনিয়াম প্রাণী জগতেও মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। পার্থেনিয়াম আগাছা যুক্ত মাঠে গবাদিপশু চরানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বরসহ নানা ন রোগে আক্রান্ত হয় এবং পশুর বদ হজম দেখা দেয়। পার্থেনিয়াম গাছ ভক্ষণ করলে গবাদি পশু ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে। এই ভাইরাস আক্রান্ত পশু জবাই করে এর মাংস ভক্ষণ করলে মানুষের শরীরও এই ভাইরাসে আক্রান্ত হয়। যার ফলে মানব শরীরে দেখা দেয় এজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যানসার সহ বিভিন্ন রোগ। এছাড়াও আক্রান্ত ব্যক্তির যৌন ক্ষমতা হ্রাস পায়। পার্থেনিয়াম আগাছা হাত দ্বারা স্পর্শ কিংবা চটকালে ছোট থেকে পরবর্তীতে বড় ধরনের রোগ দেখা যায়। প্রাথমিক অবস্থায় হাত-পা চুলকানো, লাল হয়ে যাওয়া এবং বৃহৎ আকারে ত্বকে ক্যানসারের সৃষ্টি করে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বরে আক্রান্ত হয় এবং অসহ্য মাথা ব্যথাসহ উচ্চ রক্তচাপে ভোগে। পার্থেনিয়ামের ভয়াবহ ক্ষতিকারক দিক আবিষ্কার হচ্ছে। বিজ্ঞানীদের মতে এই আগাছার পাশ দিয়ে হাটাও ক্ষতিকর। সবচেয়ে আতঙ্কের খবর হলো, ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। [লেখকঃ বিশিষ্ট কৃষি লেখক ও গবেষক]




