আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে অসহায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় টিসিবির নিত্যপণ্য ভোজ্যতেল, ডাল ও চিনি কিনতে পারবেন উপকারভোগীরা। এদিকে ১৯ মার্চ শনিবার উপজেলা পরিষদ হলঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও তানোরে কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ২০ মার্চ রোববার ও ২১ মার্চ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তানোর পৌরসভার ২টি স্থান তালন্দ ও গোল্লাপাড়া বাজার এবং মুন্ডমালা পৌর সভায় ২টি স্থানে টিসিবির এসব নিত্যপন্য বিক্রির উদ্বোধন করা হবে।উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১৮ হাজার ৭শ’ ৩১ জন কার্ডধারী উপকারভোগী এই সুবিধা পাবেন এবং ২৭ মার্চ থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ এলাকার কার্ডধারীদের মধ্যে টিসিবির নিত্যপন্য বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, কারোনাকালীন পরিস্থিতিতে তানোর উপজেলায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাওয়া উপকারভোগীদের সঙ্গে আরো নতুন ফ্যামেলি কার্ড যুক্ত হয়েছে। ইউএনও আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডালের একটি প্যাকেট দেওয়া হবে। এক প্যাকেটের দাম পড়বে ৪৬০ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকায় বিক্রি করবে টিসিবি।
প্রত্যেক কার্ডধারীকে রোজার আগে একবার ও রোজার মধ্যে আরও একবার এসব নিত্যপণ্য দেওয়া হবে। রোজার সময় যুক্ত হবে দুই কেজি ছোলা। ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ আরো বলেন, টিসিবির গণ্য বিক্রি নির্বিঘন্ন করতে পৌরসভায় মেয়র ও ইউনিয়নে ইউপি চেয়ারম্যানকে আহবায়ক করে ট্যাগ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সকল বিষয় তদারকি করবেন।
