বিনোদন ডেস্কঃ বাংলা সিনেমার সোনালী দিনের নায়ক হিসেবে অভিহিত করা হয় ওয়াসিমকে। একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চিত্রনায়ক ওয়াসিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান। ওয়াসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম মারা গেছেন।
মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালী পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসাসফল হয়। এরপর ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।
১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দ্য রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান।
মৃত্যুর আগে দীর্ঘদিন চিত্রনায়ক ওয়াসিম সিনেমার রঙিন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনও অনুষ্ঠান-আয়োজনেও তাকে দেখা যেত না।
