এম. জুলফিকার আলী ভূট্টো, খাগড়াছড়িঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে বিপুল ভোটে টানা ৩য় বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সংসদীয় ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ১৯৬টি কেন্দ্রের ফলাফলে বে-সরকারী হিসাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার, ৮১৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীর মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। সে হিসেবে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রায় ২ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া নির্বাচনে তৃনমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৯ হাজার ৫২৬ ভোট আর ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৫৫৬ ভোট। প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যায় এবারের নির্বাচনে খাগড়াছড়িতে মোট ভোট পড়েছে ৪৯.৯৮ শতাংশ।
এবার এ আসনে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিলো বেশি। জেলার ৯টি উপজেলার ১৯৬টি ভোটকেন্দ্রে কোন সংঘাত ছাড়াই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। বিকাল ৫ টার পর থেকে একে একে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রাপ্ত ভোট অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক বেশি দেখা যায়।
জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় ২৯৮ নং আসনের ৯ উপজেলা ও দুই পৌরসভায় মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন নারী ও ২ লাখ ৬২ হাজার ৪৪ জন পুরুষ ভোটার।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সংসদীয় ২৯৮ আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২০১৪ সালে প্রথমবার ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। জানা যায়, খাগড়াছড়ি জেলায় ৯ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৪’শ ১৯ জন। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৯১ হাজার ৩’শ ৯৪ জন, দীঘিনালায় ৮৮ হাজার ৩’শ ৭৭ জন, লক্ষীছড়িতে ২১ হাজার ১’শ ৮৫ জন, মহালছড়িতে ৩৫ হাজার ৯’শ ২৩ জন, মানিকছড়িতে ৫৪ হাজার ১’শ ৭৯ জন, গুইমারায় ৩৪ হাজার ৬’শ ৫২ জন, মাটিরাঙ্গায় ৮৮ হাজার ৭’শ ৬০ জন, পানছড়িতে ৫৫ হাজার ৯৭ জন এবং রামগড় উপজেলায় ৪৫ হাজার ৮’শ ৫২ জন। জেলায় ১৯৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ১৯৬ জন এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ১ হাজার ১’শ ১৬ জন। এ দিন সকাল ৮টা থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।
