খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের (১৯৮২-২০২২) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে জমকালো আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই দিনে যোগ্যাছোলায় একটি ডিগ্রী কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার (১২ জুলাই) দিন ব্যাপী জমকালো আয়োজনে পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী, সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভা যাত্রা, বৃক্ষরোপন, স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ, অতিথি বরণ, আলোচনা ও সন্মাননা ক্রেস্ট বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রাঙ্গন মাতিয়ে তুলেছেন গত চার দশকের বিদায়ী শিক্ষার্থীরা।
সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা শেষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পুনর্মিলনী কমিটির আহবায়ক এটি এম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহেদুল আলম মাসুদের সঞ্চালনায় বিকেল ৩টায় আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন। উপস্হিত ছিলেন ব্যবসায়ী কফিল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম, সাবেক প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, বিশিষ্ট লেখক ও সাবেক প্রধান শিক্ষক সুখেন্দু বিকাশ দে, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে. আজাদ।
গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো
