তানোর, রাজশাহীঃ রাজশাহীর তানোরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা কারীগরদের (মৃৎশিল্পী) ব্যস্ততা বেড়েছে। জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ১১ অক্টোবর।
এদিকে দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরির কাজও চলছে পুরোদমে। ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। উপজেলার কাঁমারগা ইউপির পাড়িশো, কাঁমারগাহাট, রঘুনাথপুর, তানোর পৌরসদরের গোল্লাপাড়া, শীবতলা, কালীগঞ্জহাট, মুন্ডুমালা পৌরসভার আয়ড়া মোড় ইত্যাদি এলাকা ঘুরে এই ব্যস্ততার চিত্র চোখে পড়েছে।
প্রতীমা শিল্পীরা দিন-রাত কাজ করছেন।শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়, মাটি, পাট আর কাঁদায় তৈরি হচ্ছে প্রতিমা। শুধু বাকি রয়েছে পরিপাটি করে সাজানোর কাজটুকুু। কেউ আউড় (খড়) দিয়ে মুর্তি তৈরির প্রাথমিক কাজ করছেন, কেউবা মাটি দিয়ে আউড়ের ওপর আবরণ দিচ্ছেন। স্থানীয় প্রতিমা শিল্পীরা (কারিগর) বলছেন, এই বছর প্রতিমা তৈরির তেমন অর্ডার নেই। এবার আশানুরূপ দামও পাচ্ছেন না তারা।
প্রতিমা কারিগর গোপীনাথ চন্দ্র বলেন, একমাস আগেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। এখন পর্যন্ত ১১টি প্রতিমার অর্ডার পেয়েছেন। তিনি বলেন, পঞ্চমির রাতের আগেই তাদের প্রতিমার সব কাজ শেষ করতে হবে। প্রতিমা তৈরির জন্য লাগে ৩ থেকে ৪ ভ্যান মাটি। খড় লাগে ৫ থেকে ৬ পৌন। এছাড়া কাঠ, বাঁশ, দড়ি, পেরেক, সুতা, ধানের তুষ ও কয়েক ধরনের রঙও কিনতে হয়।
গ্রামীণ কৃষি/আলিফ হোসেন

