তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) সাহাপুর হঠাৎপাড়া গ্রামে সরকারী খাস জায়গা জবরদখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, সাহাপুর গ্রামের বাসিন্দা আজাদ আলীর পুত্র শামিম হোসেন (৩৫) গ্রামবাসীর বাধা উপেক্ষা করে লাঠির জোরে সরকারী খাস সম্পত্তি জবরদখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জনৈক হাবিবুর রহমান বলেন, কোনো ভুমিহীন পরিবার সরকারী খাস জায়গায় বাড়ি করলে সেটা মেনে নেয়া যায়। কিন্ত্ত যে ব্যক্তি দৃস্টিনন্দন পাকা বাড়ি নির্মাণ করতে পারেন, সে কিভাবে সরকারী খাস জায়গা দখল করতে পারেন।
এটা অনৈতিক দাবি করে তিনি বলেন,ওই সম্পত্তি উদ্ধার করে কোনো ভুমিহীন পরিবারকে দেবার দাবি করে সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে শামিম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে জমা-খাস দুটোই আছে, এছাড়াও এক দিয়াড়া লোকের নামে পত্তন আছে।
এব্যাপারে ইউনিয়ন (ইউপি) ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, এবিষয়ে তারা কোনো অভিযোগ পাননি, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

