এম. জুলফিকার আলী ভুট্টোঃ খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় স্থিতিশীলতা শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন।
আজ সোমবার সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র আনুমানিক ৭০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান, বই ও কম্বল বিতরণ করে সিন্দুকছড়ি জোন।

বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি সহ জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
