- বিজ্ঞাপন -
হোম সারা বাংলারংপুরের ৬টি আসনে ভোট দিবেন তৃতীয় লিঙ্গের ২৪ জন

রংপুরের ৬টি আসনে ভোট দিবেন তৃতীয় লিঙ্গের ২৪ জন

রংপুরঃ রংপুর জেলার ৬টি আসনে ভোট দিবেন তৃতীয় লিঙ্গের ( হিজড়া) ২৪জন ভোটার। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।  এছাড়া রংপুর সদর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে তৃতীয় লিঙ্গের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারা ইসলাম রানী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন ভোটার রয়েছে । এরমধ্যে ২৪ জন হিজড়া ভোটার রয়েছে। যারা এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। রংপুর-১ আসনে রয়েছে ২ জন, রংপুর-২ আসনে ৮ জন, রংপুর-৩ আসনে ২ জন, রংপুর-৪ আসনে ৪ জন, রংপুর-৫ আসনে ৪ জন এবং রংপুর-৬ আসনে ৪ জন হিজড়া ভোটার। জেলা সমাজসেবা অধিদফতর রংপুরের তথ্য মতে, জেলায় ৩৭০ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) রয়েছে। এরমধ্যে ভোটার হয়েছেন মাত্র ২৪ জন।
তৃতীয় লিঙ্গের মনিরা বলেন, ভোটার হয়েছি। এবারেই প্রথম ভোট প্রদান করব। সত্যি বলতে কি তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পরপরই ভোটার হওয়া দরকার ছিল, কিন্তু অবহেলা করে হইনি। এবারে ভোটার হয়েছি। ভোট দিব বলে ভালো লাগছে।
এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে তৃতীয় লিঙ্গের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন আনোয়ারা ইসলাম রানী। যা ইতোমধ্যে দেশে ব্যপকভাবে আলোচিত হয়েছে। তিনি রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার নির্বাচনী আসনে দু’জন হিজড়া ভোটার রয়েছে।
আনোয়ারা ইসলাম রানী বলেন, আমি ব্যক্তিগতভাবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছি। এখনও অনেকের মাঝে অসচেতনতা কাজ করে। ধীরে ধীরে সবাই এ বিষয়ে সচেতন হচ্ছেন। সারাদেশের মতো রংপুরে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আগামীতে আরও বাড়বে বলে তিনি মনে করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular