হারুন উর রশিদ সোহলে, রংপুরঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জের লালদিঘি এলাকার ফতেহপুর শ্বশুরবাড়িতে পৌঁছেছেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানাও রয়েছেন।
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় রংপুর জেলা সফরে এসে দুপুর আড়াইটার সময় পীরগঞ্জের ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি ‘জয়সদনে’ পৌঁছান।
সেখানে পৌঁছে তিনি তার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। কুশল বিনিময় করেন শ্বশুর বাড়ির স্বজনদের সঙ্গে। এরপর দুপুরের খাবার গ্রহণ করবেন তিনি। পরে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন। এরপর তিনি সড়ক পথে সৈয়দপুর এবং বাংলাদেশ বিমান যোগে ঢাকায় গমন করবেন। দীর্ঘ ৫ বছর পর তিনি শ্বশুর বাড়ি গেলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকরা বাংলাদেশ বিমান। পরে তিনি সড়কপথে বেলা ১১টা ৫৫ মিনিটে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হন এবং সেখানে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনীয় পথ সভায় বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী পীরগঞ্জ যাওয়ার পথে মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তিনি রংপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
