বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সাহিত্য‘রূপসী বাংলার কবি’ মনীষী জীবনানন্দ দাশ

‘রূপসী বাংলার কবি’ মনীষী জীবনানন্দ দাশ

গ্রামীণ কৃষি ডেস্কঃ ২৩শে অক্টোবর ১৯৫৪, অন্তিম শয়ানে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ‘রূপসী বাংলার কবি’ মনীষী জীবনানন্দ দাশ ৷

জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, দার্শনিক, মনীষী, ঔপন্যাসিক, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক । তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎদের মধ্যে অন্যতম । তাঁর ডাকনাম মিলু ৷ বাংলা সাহিত্যে তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত ৷ জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন । কবি জীবনানন্দ দাশের মাতা কবি কুসুমকুমারী দাশ বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ছিলেন ৷

গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’, ‘নির্জনতম কবি’, বাংলা সাহিত্যের ‘শুদ্ধতম কবি’ এবং ‘তিমিরহননের কবি’ অভিধায় খ্যাত হয়েছেন ৷ সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল-পরবর্তী বাংলাসাহিত্যের প্রধান কবি বলে সর্বসাধারণ্যে স্বীকৃত ৷

জীবনানন্দের প্রথম কাব্যে কাজী নজরুল ইসলাম’র প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী । মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন ৷ অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে আটশতাধিক কবিতা, ২১টি উপন্যাস, ১০৮টি ছোটগল্প, অনেকগুলো প্রবন্ধ ও পত্র রচনা করেছিলেন যার অধিকাংশই তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়নি ।

তাঁর সৃজিত জগৎবিখ্যাত কাব্যগুলো:‘ঝরা পালক’ (১৯২৭)‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬)‘বনলতা সেন (১৯৪২)‘মহাপৃথিবী’ (১৯৪৪)‘সাতটি তারার তিমির’ (১৯৪৮)‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’ (১৯৫৪)’ এবং মৃত্যু-পরবর্তী প্রকাশিত-“রূপসী বাংলা” (১৯৫৭)‘বেলা অবেলা কালবেলা’ (১৯৬১) প্রভৃতি ৷

তাঁর জীবন কেটেছে চরম দারিদ্রের মধ্যে । তাঁর জীবনের পরতে পরতে মিশে ছিলে দরিদ্রতার কষাঘাত ৷ বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে ৷ তিনি সাহিত্য রচনার পাশাপাশি জীবন চালানোর জন্য অধ্যাপনা করেছেন বর্তমান বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৷

১৯৫৪ খ্রিস্টাব্দের ১৪ই অক্টোবর, কলকাতা’র বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হয়ে চিকিৎসক ও সেবিকাদের সকল প্রচেষ্টা বিফলে দিয়ে ২২শে অক্টোবর, রাত্রি ১১টা ৩৫ মিনিটে মাত্র ৫৫ বছর বয়সে, কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি প্রয়াণবরণ করেন ৷এই মনীষী কবির মহাপ্রয়াণবার্ষিকীতে জানাই অন্তর্লীন শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ সম্মান ৷

– রকি প্রেম

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular