গ্রামীণ কৃষি ডেস্কঃ শক্তিশালী পাসপোর্টের সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। অক্টোবর মাসে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১০৮তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে যাওয়া যায়, মূলত তার ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। বছরজুড়েই এটি হালনাগাদ করা হয়।
হেনলির তালিকা অনুযায়ী, এবার সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। একইসঙ্গে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরও। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। এরপর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।
এ সূচকে গত জুলাইয়ে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬তম অবস্থানে। সে সময় ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারতেন। এবারের তালিকায় মোট ১১৬টি ক্রমিকের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮তম। তালিকায় বাংলাদেশের সঙ্গী কসোভো ও লিবিয়া।
সর্বশেষ প্রকাশিত পাসপোর্টের সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং ১১৬তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
তালিকায় বাংলাদেশের পরই রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। আগাম ভিসা ছাড়া ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন দেশটির নাগরিকেরা। আর বাংলাদেশের ঠিক আগে ১০৭তম অবস্থানে রয়েছে সুদান, শ্রীলঙ্কা, লেবানন ও ইরান।
তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের অবস্থান ৬৬তম, ভারত ৯০তম, ভুটান ৯৬তম ও মিয়ানমার ১০২তম অবস্থানে রয়েছে।
গ্রামীণ কৃষি/আ

