নগর প্রতিনিধিঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অগ্নি নিরাপত্তা না থাকলে কোন দোকান বা শপিংমলের ট্রেড লাইসেন্স দেয়া হবেনা। প্রয়োজনে সংশ্লিষ্ট দোকান বা শপিংমল বন্ধ করে দেয়া হবে।
আজ বিকেলে গুলশানের নগর ভবনে “অগ্নি নিরাপত্তা – আমাদের করণীয়” শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এ পর্যন্ত ৩ লাখ ৮০ হাজার ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে। জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কমপ্লায়েন্স মেনে প্রত্যেকটি দোকান, শপিংমল এবং বাণিজ্যিক ভবন পরিচালনা করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সুস্থ ও নিরাপদ শহর গড়ে তুলতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মেয়র বলেন, সময়োপযোগী করে সমন্বিত ভবন নির্মাণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে এবং বহুতল ভবনের সংজ্ঞাও সকলের জন্য প্রযোজ্য ও সুস্পষ্ট করার পদক্ষেপ নেয়া হবে। জননিরাপত্তায় অগ্নি নিরাপত্তা খুবই জরুরী হলেও সরেজমিনে পরিদর্শনকালে দেখা গেছে নগরীতে যেসকল ভবনে অগ্নিদূর্ঘটনা ঘটেছে সেগুলোর কোনটিতেই প্রয়োজন মাফিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কল-কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার কর্তৃক গঠিত কমিটি বিশেষজ্ঞদের সুপারিশ মোতাবেক সময়োপযোগী আইন প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদী অগ্নি নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যানের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন, রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এবং দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
গ্রামীণ কৃষি/জামাল

