তানোর, রাজশাহীঃ রাজশাহীর তানোরে প্রায় শোয়া কোটি টাকা ব্যয়ে কার্পেটিং করা রাস্তায় মাস না পেরুতেই ফাটল ও সিলকোট (কার্পেটিং) উঠে যাচ্ছে। তানোর পৌরসভার গোকুল দরগাতলা-তালন্দ রাস্তায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, নিম্নমাণের সামগ্রী ব্যবহার ও বৃষ্টির মধ্যে কার্পেটিং করায় এভাবে কার্পেটিং উঠে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, তারা ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদুক) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, চলতি বছরের ১০ জুলাই শনিবার তানোর পৌরসভার গোকুল দরগাতলা মোড় থেকে তালন্দ বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন মেয়র ইমরুল হক।
প্রায় এক কোটি ২৫ টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার কাজ বাস্তবায়ন করেন রাজশাহী শহরের ঠিকাদার আবুল হাসনাথ।
এদিকে স্থানীয়রা জানান, রাস্তা সংস্কার কাজ বাস্তবায়নে মেয়র-প্রকৌশলী ও ঠিকাদার মিলেমিশে অনিয়ম-দুর্নীতি করায় রাস্তায় কাজের মান একেবারে নিম্নমাণের হয়েছে। অথচ তাদের অনিয়ম-দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে,তারা রাস্তা নির্মাণ কাজের সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দুদুকের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মেয়র ইমরুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে প্রকৌশলী (অতিঃ) জাহাঙ্গীর আলম বলেন, অনিয়ম-দুর্নীতি বা নিম্নমাণের সামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, রাস্তা ব্যবহারেরও একটি বিষয় আছে, অনেক সময় যথেচ্ছ ব্যবহারে রাস্তার কার্পেটিং উঠে যেতে পারে,তবে বিষযটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
গ্রামীণ কৃষি/আলিফ হোসেন

