বুধবার, এপ্রিল ১, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাচট্টগ্রামে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত: সর্বস্তরের মানুষের ঢল

চট্টগ্রামে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত: সর্বস্তরের মানুষের ঢল

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও তাঁর পরিবারের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল পবিত্র ঈদুল ফিতর পরবর্তী দ্বিতীয় দিনে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ‘ডালিয়া কুঞ্জে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মহানগরী, বিভিন্ন ওয়ার্ড, ইউনিট এবং জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ এই পুনর্মিলনীতে যোগ দেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা এবং জুলাই গণআন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। আগত অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি দিয়ে আপ্যায়ন করা হয়।

উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, দেড় যুগ ধরে এদেশের মানুষ একটি কর্তৃত্ববাদী অপশাসনে নিষ্পেষিত ছিল। গুম, খুন ও নির্যাতনের মুখেও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হয়েছে। ৫ই আগস্টের সফল গণআন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আরও বলেন, বর্তমান সরকারের মাত্র এক মাসের কর্মকাণ্ডে দেশ গড়ার পরিকল্পনা স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মহৎ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন, সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্ল্যাহ (চট্টগ্রাম-৮), সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান (চট্টগ্রাম-৯), বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ.এম. নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব শামসুল আলম এবং মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান, উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ এবং দৈনিক ইত্তেফাক-এর ব্যুরো চীফ সালাউদ্দিন রেজা।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular